আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া)
দেড় মাসের কোলের শিশুকে সামনে রেখে বাসে করে ইয়াবা পাচারের সময় হাতেনাতে আটক হয়েছেন এক দম্পতি। তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গোপন তথ্যের ভিত্তিতে নয়মাইল জামালপুর এলাকায় ঢাকাগামী ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১২৯৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাসের F-1 ও F-2 নম্বর সিটে টিকিট ছাড়াই বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় সাদা রঙের দুটি অ্যাংলেট দিয়ে মোট ৭ হাজার ৮০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা প্রতি ২০০ পিস করে মোট ৩৯টি নীল রঙের জিপার পলি প্যাকেটে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এছাড়া তাদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও (Vivo Y155 ও Oppo A31) জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকার লুৎফর রহমান ওরফে রুস্তম মৃধার ছেলে সোহাগ মৃধা (৩১) ও তার স্ত্রী সারমিন খানম (২৫)। বর্তমানে তারা ঢাকার মিরপুর-১ এর মধ্যপাইকপাড়া আহম্মদ নগর এলাকায় বসবাস করতেন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই দম্পতি উভয়েই একাধিক মাদক মামলার আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অধিদপ্তর জানিয়েছে, এই মাদক চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA