

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
বিকেল থেকে আলিয়াবাদ গোল চত্বরে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দীর্ঘজীবী হোক এমন শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ও বিএনপির বিশিষ্ট নেতা প্রকৌশলী সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আনিছুল রহমান মঞ্জু, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু, সাবেক কমিশনার আবু সাঈদ, যুবদল নেতা হযরত আলী, আশরাফ হোসেন রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র রক্ষার অগ্রভাগে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে এই সংগঠন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তারা সাম্প্রতিক নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, “এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”
বক্তারা আরও জানান, আহত মফিজুল ইসলাম মুকুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নবীনগর বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। বর্তমানে তিনি মুকুলের চিকিৎসা করাচ্ছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। দিনব্যাপী এ আয়োজনে নবীনগর শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নবীনগর যুবদলের এই ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত