পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের খাতা ও কলমও দেওয়া হয়।
বৃহস্পতিবার কলেজটির অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এর আগে কলেজের শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। আলমগীর হোসেন তেজদাসকাঠী কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মাৎ শিউলী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, বর্তমান সরকার দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই তিনি শিক্ষার্থীদের ফলজ ও ভেষজ গাছের চারা উপহার দিয়েছেন। এসব চারা পেয়ে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার বিগত দিনে মেয়েদের পড়ালেখা বিনামূল্যে করে দিয়েছিল। বর্তমানে মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে কোনো বাধা নেই।
নারীদের এগিয়ে নিতে সরকার নিত্যনতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলেও জানান তিনি। মাদকের ভয়াবহতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। অন্যথায় তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। তেজদাসকাঠী কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে এ পর্যন্ত ৭০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA