
পিরোজপুর অফিস:: পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের কথিত দোসরদের পুনঃপ্রতিষ্ঠার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নাজিরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে দেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপির দাবি অনুযায়ী, ওই অনুষ্ঠানে তাঁদের বিশেষ অতিথির আসনে বসানো হয়। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। আবু হাসান খান আরও দাবি করেন, ইউএনও সাজিয়া শাহনাজ তমা নাজিরপুরে যোগদানের পর থেকে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেননি। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও তিনি অভিযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হাসান খান বলেন, তাঁর মতে ইউএনও নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা না রেখে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। তিনি দাবি করেন, এ অবস্থায় তাঁর মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খান, আসাদুজ্জামান টিপু হাজরা, কলারদোনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য মাসুম মিনা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম রোকেয়া রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পিসহ দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত