
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৫:৫৮ পি.এম
নাজিরপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

পিরোজপুর অফিস:: পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালক আলিম মাদ্রাসায় ম্যানেজিং কমিটি (গভর্নিং বডি) গঠনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এক অভিভাবক জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনী তফসিল প্রচারের বাধ্যবাধকতা থাকলেও তা মাদ্রাসার অধ্যক্ষ প্রকাশ করেননি। অনলাইন কিংবা অফলাইনে তফসিল প্রচার না করায় অভিভাবকরা এ বিষয়ে জানতে পারেননি বলে দাবি করা হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ গোপনে গভর্নিং বডি গঠনের কার্যক্রম পরিচালনা করছেন এবং নির্ধারিত নিয়ম না মেনে নিজের ইচ্ছামতো মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট (রবিবার) ছিল অভিভাবক সদস্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ভোটার তালিকা প্রকাশ, ফরম বিতরণ এবং সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে কেউ কিছু জানেন না। এক অভিভাবক জানান, "৩১ আগস্ট সকাল ১০ টায় আমি মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে না পেয়ে বিষয়টি জানতে চাইলে কোনো শিক্ষক বা অফিস সহকারী এ বিষয়ে কিছু জানাতে পারেননি। বারবার ফোন করলেও অধ্যক্ষ ফোন রিসিভ করেননি।" স্থানীয়দের দাবি, অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। এতে মাদ্রাসার অভিভাবক ও স্থানীয় মহলে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা যথাযথ তদন্ত করে নির্বাচন তফসিল বাতিল করে গণতান্ত্রিকভাবে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ বলেন, "কমিটি এখনো গঠিত হয়নি, প্রক্রিয়া চলমান রয়েছে। আমি সবকিছু নিয়ম মেনেই করছি।" তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন জানান, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমার দায়িত্ব একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।" এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত