# নারীসহ আহত ৬, নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীপক্ষ

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4-%e0%a7%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80/
- Published: 2026-11-22T12:14:37+06:00
- Author: Sankar Roy

**শাহ্ আলম, ঝিনাইগাতী (শেরপুর):**    শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের
হালুহাটি গ্রামে শেখবর আলী হত্যা মামলায় আপস-মীমাংয়ায় রাজি না হওয়ায় বাদীপক্ষের পরিবারের
সদস্য ও মামলার সাক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত 
হয়েছেন। অন্যদিকে, মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ও নিহত শেখবর আলীর বাবা মোফাজ্জল
হকের মৃত্যুর ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে মামলার বাদী ও সাক্ষীদের
নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ২৩ মার্চ শেখবর আলীকে
ছুরিকাঘাত ও মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মাহফুজ মিয়া বাদী হয়ে শ্রীবরদী
থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা
জজ আদালতে বিচারাধীন রয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষের লোকজন তাঁদের আপস-মীমাংয়ায় 
রাজি করাতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট
২০২৬ তারিখে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী মোফাজ্জল হক (৭২) নিজ বাড়ির পেছনে একটি গাছের
সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারা যান। পরিবারের সদস্যদের দাবি, তাঁর মৃত্যুর পেছনে অন্য কোনো
কারণ থাকতে পারে। এ ঘটনায় রহস্যের আশঙ্কা প্রকাশ করে তাঁরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
তদন্ত করছে।

এদিকে, গত ৬ নভেম্বর জমিতে ধান কাটাকে কেন্দ্র করে বাদীপক্ষের সঙ্গে প্রতিপক্ষের নতুন
করে বিরোধের সৃষ্টি হয়। হত্যা মামলার সাক্ষী মো. জজ মিয়ার লিখিত অভিযোগে বলা হয়েছে,
এ সময় মো. জাকির হোসেন জিকু, মো. সাইফুল ইসলাম, মো. মোস্তফা, সাইফুল মিয়া, বিপ্লব ও
সবিলা বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে নারীসহ
অন্তত ছয়জন আহত হন। অভিযোগে আরও বলা হয়, এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা
হয় এবং অপর এক নারীকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানি করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের
মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুরে পাঠানো হয়।

শেখবর আলী হত্যা মামলার বাদী মাহফুজ মিয়া বলেন, মামলা দায়েরের পর থেকেই তাঁদের আপস-
মীমাংয়ায় রাজি হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার
চান। একই সঙ্গে পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি
হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অহির উদ্দীন বলেন, একটি হত্যা মামলার বিচার চলাকালে বাদী 
ও সাক্ষীরা যদি হামলা ও ভয়ভীতির শিকার হন, তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি প্রশাসনের 
গুরুত্বের সঙ্গে দেখা উচিত, যাতে তাঁরা নির্ভয়ে আদালতে সাক্ষ্য দিতে পারেন।

নিহত শেখবর আলীর স্ত্রী জাহানারা বলেন, স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে এখন তাঁর পরিবারের
সদস্যদের হামলা ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তিনি পরিবারের সদস্যদের জানমালের
নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, অভিযোগটি তদন্ত করে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, শেখবর আলী হত্যা মামলার বিচারপ্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে বাদী
ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং হামলার অভিযোগসহ মোফাজ্জল হকের মৃত্যুর 
ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা হবে।
