
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৪৭ পি.এম
নিরাপত্তার দাবিতে রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে হাসপাতালের নিয়মিত কার্যক্রমে আংশিক প্রভাব পড়েছে।
একই দাবিতে সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত ও মৌখিকভাবে তাদের উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরেন।
চিকিৎসকদের অভিযোগ, সম্প্রতি হাসপাতালের ভেতরে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের। গত রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনরত দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে ঘিরে ধরে হেনস্তা করা হয়। পরদিন সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে কর্মরত এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের পরিস্থিতির শিকার হন।
এই ধারাবাহিক ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে হাসপাতালের ভেতরে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির বলেন, হাসপাতালে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগীর চাপ সামলাতে হয়। এর ফলে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন দীর্ঘ সময়—প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা—দায়িত্ব পালন করতে হচ্ছে। এত কিছুর পরও দায়িত্ব পালনের সময় নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, “চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এখনও চলছে এবং তারা তাদের দাবিগুলো কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছেন। তিনি বলেন, “তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। কীভাবে দ্রুত সমাধান দেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য সিনিয়র চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন।”
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দ্রুত সমাধানের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকরা স্বাভাবিক কর্মপরিবেশে ফিরে আসবেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত