
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১:৩৪ পি.এম
নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে
![]()
রাজু আহমেদ, রাজবাড়ী: নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে রাজবাড়ীর পাঁচটি উপজেলার এবং ৪২ টা ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ টহল পরিচালিত অব্যাহত রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) ২৪ ঘন্টা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, সড়ক ও জনসমাগমপূর্ণ স্থানে এ যৌথ টহল পরিচালনা করা হয়।
টহল কার্যক্রমে নেতৃত্ব দেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। যৌথ টহলে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময়,সংশ্লিষ্ট ইউনিয়নসমূহে অবস্থানরত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থীদের সমর্থক ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত