
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রধান প্রার্থীরা। গণসংযোগ, বৈঠক ও রাজনৈতিক তৎপরতায় মুখর হয়ে উঠেছে পুরো ইসলামপুর উপজেলা।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ইসলামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১০৩ জন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই আসনে নির্বাচনী দৌড়ে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতে ইসলামীও শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
ভৌগোলিকভাবে ইসলামপুর উপজেলা তিনটি অংশে বিভক্ত—ব্রহ্মপুত্র নদসংলগ্ন পূর্বাঞ্চল, যমুনা নদীতীরবর্তী পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা। বিশ্লেষকদের মতে, বিশেষ করে মধ্যাঞ্চলের ভোটই এ আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পূর্বাঞ্চলের চারটি ইউনিয়নে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর রয়েছে শক্তিশালী ভোটব্যাংক। বিপরীতে পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নে জামায়াতে ইসলামী প্রার্থী সামিউল হক ফারুকী উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন।
ভোটার সংখ্যার দিক থেকে পূর্বাঞ্চল এগিয়ে থাকায় বিএনপি প্রার্থীর জয় সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে স্থানীয়দের ধারণা। তবে জামায়াতে ইসলামী প্রার্থীও পূর্বাঞ্চলে জোরালো প্রচারণা চালিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছেন।
এদিকে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে—সে বিষয়েও নজর রাখছেন উভয় প্রধান প্রার্থী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের সমর্থন যে প্রার্থীর ঝুলিতে যাবে, তার জন্য জয় অনেকটাই সহজ হয়ে উঠতে পারে।
অনেকের ধারণা, জামায়াতে ইসলামীর একটি নীরব ভোটব্যাংক রয়েছে, যা ভোটের দিন বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে—২০২৬ সালের নির্বাচনে দলটি এই আসনে বড় ধরনের চমক দেখাতে পারে।
এ ছাড়া এ আসনে আরও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান প্রতীক বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন। তবে স্থানীয় ভোটারদের একটি অংশের মতে, মাঠপর্যায়ে তার তৎপরতা খুব একটা দৃশ্যমান নয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত