
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:২৪ এ.এম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজিদ আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগের ছাত্রলীগের সেক্রেটারি। তার বাড়ি গোপালগঞ্জ সদরের মোহাম্মদপাড়া এলাকায়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা জানান, নিষিদ্ধ থাকা সত্ত্বেও সাজিদ পরিকল্পিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করে। রিটেক পরীক্ষা দেয়ার নামে এসে সে নানা রকম অপচেষ্টা চালাচ্ছিল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে আটকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মাহমুদুল হাসান খান মাহমুদসহ আরও অনেকে।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,
“নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের ক্যাম্পাসে অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো সন্ত্রাসী আশ্রয়কেন্দ্র নয়। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই—যেখানে শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারবে।”
উল্লেখযোগ্যভাবে, একটি ফেসবুক আইডি থেকে আগের দিন পোস্ট করা হয়— “কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে যাদের হারানোর কিছুই নেই... তারা হবে ভয়ংকর সুন্দর!” ছাত্রদল নেতারা অভিযোগ করছেন, এই পোস্টের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির হুমকি দেয়া হয়েছে।
তবে সাজিদ দাবি করেন, উক্ত ফেসবুক আইডি তার নয়। তিনি বলেন,
“আগামীকাল আমার বিয়ে, তাই আজ এসেছিলাম রিটেক পরীক্ষার আবেদন করতে। কোনো পোস্ট আমি করিনি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন,
“ছাত্রদলের নেতাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর দপ্তরে নিয়ে আসে। যেহেতু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে, তাই আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত