
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:৩৩ পি.এম
নুরের ওপর হামলা হত্যার উদ্দেশ্যেই; মির্জা ফখরুল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা চালানো হয়েছে হত্যার উদ্দেশ্যেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নূরের শরীরে যেসব স্থানে আঘাত করা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কে আঘাত ও অনেক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে গেলেও পরিস্থিতি এখনও সংকটজনক। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, তরল খাদ্য পাইপের মাধ্যমে নিতে হচ্ছে। কয়েকদিন পর পুনর্মূল্যায়নের জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি হতে পারে।
তিনি আরও বলেন, চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে চলছে, তবে নূরের সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।
জোর দিয়ে মির্জা ফখরুল আরো বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তা দ্রুত শেষ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারের কাছে তার দাবি— নূরকে দ্রুত বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত