প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ১০:৪২ এ.এম
পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে একটি পরিত্যক্ত ঘর থেকে মুনির হোসেন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী আব্দুস সালামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুনির হোসেন একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আব্দুস সালামের স্ত্রী আছিয়া বেগম নিজ বাড়ির ছাগলের ঘর পরিষ্কার করতে যান। এ সময় পাশেই থাকা একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে ঘরের ভেতরে মাটির মেঝেতে চকির নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, মুনিরের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ ছিল। গত ১৭ আগস্ট রাতে তিনি বাড়ি ফেরার পর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুটি সিএনজিচালিত অটোরিকশায় পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তাদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুনির ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিকভাবে এটি মুনিরের মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA