
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার ফি দিতে না পারায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ক্ষেতলাল পৌরসভার মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর নিজ বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা সম্পর্কে জানা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী হাসিবুল বাসার আব্দুল্লাহ (১৩), উপজেলার মালিপাড়া গ্রামের দিনমজুর হাসান আলীর ছেলে। সে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী (রোল নম্বর ৭১)।
পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় বিদ্যালয় থেকে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থী হাসিবুল। তার ভাষ্য, পরীক্ষার ফি না দেওয়ায় প্রধান শিক্ষক তাকে পরীক্ষায় বসতে দেননি।
হাসিবুলের সঙ্গে কথা বললে সে কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি অষ্টম শ্রেণিতে পড়তে চাই। এই সপ্তম শ্রেণিতেই রেখে দিলে আমি আর পড়াশোনা করব না।
শিক্ষার্থীর মা লাভলি আক্তার বলেন, “আমরা গরিব মানুষ। দিনমজুরের কাজ করে সংসার চালাই। নিয়মিতই স্কুলের বেতন দিই। অভাবের কারণে কিছুদিন বগুড়ায় থাকায় সন্তানকে নানীর কাছে রেখে যেতে হয়েছিল। নভেম্বর মাসে পরীক্ষার সময় বাড়িতে এসে সন্তানকে নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলে তিনি ১ হাজার ৬২০ টাকা পরীক্ষার ফি দাবি করেন। এত টাকা জোগাড় করতে না পারায় আমার সন্তান পরীক্ষা দিতে পারেনি।
হাসিবুলের দাদি সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, আমি নাতিকে নিয়ে বিদ্যালয়ের পরীক্ষা কমিটির কাছে এক হাজার টাকা দিয়ে হলেও পরীক্ষায় বসানোর অনুরোধ করেছিলাম। কিন্তু তাতেও পরীক্ষার সুযোগ দেওয়া হয়নি।
এ বিষয়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। পরীক্ষার জন্য আলাদা কমিটি ছিল। দরিদ্র শিক্ষার্থীদের জন্য আমাদের ফি মওকুফের তহবিল রয়েছে। পরিবার আবেদন করলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। এখন ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার সুযোগ ও পড়াশোনার ব্যবস্থা করা হবে।
ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবুল কুমার সাহা বলেন, পরীক্ষার ফি না দেওয়ায় কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি এমন তথ্য এইমাত্র আপনাদের মাধ্যমে জানলাম। পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই শিক্ষার্থীর পড়াশোনার সুব্যবস্থা করা হবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত