# পলাতক স্বৈরাচার ও নিষিদ্ধ দলের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: সমাজকল্যাণমন্ত্রী

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/
- Published: 2026-11-24T16:25:07+06:00
- Author: Sankar Roy

**রাজ্জাক মাহমুদ রাজ, কুষ্টিয়া:**     পলাতক স্বৈরাচার ও নিষিদ্ধ দলের সব ধরনের ষড়যন্ত্র
দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা.
এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী
তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা
বলেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী
বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে
হত্যা করা হয়েছে এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া দীর্ঘ ১৭
বছর ধরে গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন। অথচ এসব ঘটনার প্রতি
তাদের কোনো ভ্রূক্ষেপ নেই, মানুষের প্রতিও কোনো দরদ নেই।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী পক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করে অধ্যাপক ডা. 
জাহিদ হোসেন বলেন, ‘তারা আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা
প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ তা
রুখে দাঁড়িয়েছে।’

আগামী দিনের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির জাতীয়
নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, আগামীতেও দেশের মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব 
রক্ষায় একইভাবে ভূমিকা রাখবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামি হয়েও যারা
উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে এবং দিবাস্বপ্ন দেখছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়,
তা দেশের মানুষ ভালো করেই জানে।’

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন ও দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
