প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:২২ পি.এম
পলাশ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

রাসেল রানা, রংপুর: রংপুরের হারাগাছ থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় পলাশ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাহেবগঞ্জ বাজার এলাকায় মোজাহার আলী ও পলাশসহ সংশ্লিষ্টদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে পলাশ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট ২০২৬ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হলে মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পলাশ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ এবং মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন।
সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা প্রায় পাঁচ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে হারাগাছ থানা পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য মো. সাব্বির সিটি, এনসিপির সদস্য মো. এরশাদুল ইসলাম, নিহত পলাশের মা আকলিমা বেগমসহ স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA