
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:১৫ পি.এম
পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কিশোর নিহত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়ার জেরে ছুরিকাঘাতে আল আমিন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন লিটন সর্দার (৩৫)। রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন স্থানীয় বাসিন্দা রবিউল সর্দারের ছেলে। আহত লিটন একই এলাকার মৃত রুনু সর্দারের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন ও তার বাবা রবিউল মাংসের ব্যবসা করতেন। একই এলাকার আসাদুলের কাছে মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল, যা দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় রবিউল রোববার বিকেলে আসাদুলের কাছে টাকা চান। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে রাতে আসাদুল তার দুই ছেলে আকুল ও আকাশসহ কয়েকজনকে নিয়ে চাঁদ মার্কেটে রবিউলের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে আল আমিন ও লিটন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, “আল আমিনের পেটে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যা তার মৃত্যুর কারণ।” মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত