
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১১:১৯ এ.এম
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব: আহতদের ভিড়ে হাসপাতালে হিমশিম

আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা লাইনে দাঁড়িয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে এখনো কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে কুকুরটির তাণ্ডব শুরু হয়। পরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদরসহ বিভিন্ন স্থানে পথচারীদের কামড়ে আহত করে কুকুরটি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টা পর্যন্ত অন্তত ৩২ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। এখনো নতুন রোগী আসছেন, ফলে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—চরপাকুন্দিয়া গ্রামের সাবেক কাউন্সিলর স্বপন মিয়া (৫০), চরটেকী গ্রামের হারুন অর রশীদ (৫৫), মধ্য পাকুন্দিয়া গ্রামের আকিব আলম (১৫), ঘাগড়া গ্রামের আফরা (২০), বীরপাকুন্দিয়া গ্রামের সুমিত (১৮) ও লাবণ্য (১৫), শিমুলীয়া গ্রামের ইমরান (২২), নারান্দী গ্রামের আসমা (৩২), মানছু মিয়া (৪০) ও মোনতাজ উদ্দিন (৭০)। এছাড়াও বিভিন্ন গ্রামের আরও বহু নারী-পুরুষ চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, বিকেল ৪টার দিকে প্রথম রোগী চিকিৎসা নিতে আসেন। সন্ধ্যার পর থেকে রোগীর চাপ হঠাৎ বেড়ে যায়। তিনি বলেন, “আমাদের স্টাফরা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। রাত ৮টা পর্যন্ত ৩২ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
ঘটনার পরপরই পাকুন্দিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা ফোর্স নিয়ে মাঠে কাজ করছি এবং রোগীদের সেবা নিশ্চিত করছি।”
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, “আহতদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ভ্যাকসিনসহ সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি কুকুরটিকে আটক করতে পুলিশ কাজ করছে এবং মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত