
মো আরমান হোসেন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে মো. শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের পাশে শৈলজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম সুখিয়া ইউনিয়নের চরপলাশ (সাধুর বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর থেকেই শফিকুল ইসলাম নিজের কৃষিজমিতে আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড বজ্রপাত হলে তিনি জমির মধ্যেই লুটিয়ে পড়েন।
ঘটনাটি দেখতে পেয়ে আশপাশে কাজ করা কৃষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পরীক্ষা করে দেখা যায়, এর আগেই তার মৃত্যু হয়েছে।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শৈলজানী গ্রামে ধান রোপণের সময় বজ্রাঘাতে শফিকুল ইসলাম মারা গেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA