
পিরোজপুর অফিস:: পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মাদকসেবনরত অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯ টার দিকে পিরোজপুর সদর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলেই দুইজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত (২৬) নামের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)। তিনি আরও জানান, আল আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে গাঁজার গাছগুলো লাগিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত