প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:২৭ এ.এম
পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময়

পিরোজপুর অফিস: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে পিরোজপুর জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জেলা উন্নয়ন সহায়ক নাগরিক পরিষদের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, ড্রেনেজ ব্যবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজনের উপস্থিতি এবং নতুন ভবনের লিফট দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, ১০০ শয্যার জেলা হাসপাতালে বর্তমানে প্রায় ৩৫০ রোগী চিকিৎসাধীন থাকায় চিকিৎসক ও অন্যান্য জনবলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা। সভা শেষে প্রতিনিধিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবার মান পরিদর্শন করেন।
এ সময় সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মতিউর রহমান, সহকারী পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন আহমেদ, জেলা উন্নয়ন সহায়ক নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সুজনের সহ-সভাপতি আফজাল হুসাইন লাভলু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান জানান, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন ও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার অ্যান্টিজেন কিট মজুত রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু রোগীদের চিকিৎসা দিলেই হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সিভিল সার্জন আরও জানান, ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে পিরোজপুরে ২ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১৬৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA