
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং গণভোট প্রদান পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এছাড়া উপজেলা ভূমি কর্মকর্তা মো. আল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তাদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিয়মাবলি তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি জানান, ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন স্থাপন এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটের চারটি ধারা সম্পর্কে জনগণকে সচেতন করা হবে।তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।এ সময় তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত