
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২৯ পি.এম
পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধারকৃত ৪৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধারকৃত ৪৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি আভিযানিক দল উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে মোট ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রাজবাড়ী সদর থানার ২১টি, গোয়ালন্দ ঘাট থানার ৭টি, পাংশা মডেল থানার ৭টি, কালুখালী থানার ৮টি এবং বালিয়াকান্দি থানার ৪টি মোবাইল রয়েছে। পরবর্তীতে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের উপস্থিতিতে ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, “রাজবাড়ী জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। মোবাইল হারানো, বিকাশ প্রতারণা কিংবা ফেসবুক সংক্রান্ত যেকোনো জিডির ক্ষেত্রে এলআইসি শাখার দক্ষ দল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সাইবার অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
এদিকে, হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, হারানো ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের এমন পেশাদারিত্ব ও আন্তরিকতায় সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে বলেও তারা মন্তব্য করেন।
মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত