প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০২ এ.এম
পৃথক অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল হান্নান, (শাজাহানপুর) বগুড়া: বগুড়ার শাজাহানপুরে পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে। এসআই আরিফুল ইসলাম ও এসআই সুজল চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি টিম মাদলা ইউনিয়নের চাঁচাইতারা খালপাড়া গ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম ওরফে পটুকে (৫১) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। আটক রফিকুল ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৩) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই আব্দুর রহিম ও এসআই আব্দুল মোমিন। তারা খোট্টাপাড়া ইউনিয়নের জোকা ডাক্তারপাড়া এলাকার একটি মুরগির ফার্মের পাশের পাকা রাস্তা থেকে ১৪ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট থানার বথুয়াবাড়ী গ্রামের আজিবর শেখের ছেলে মঞ্জু শেখ এবং একই থানার পাকুড়ীহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ মিজানুর রহমান (৩১)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা (নং-২৫) রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে চক্রের মূলহোতাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA