
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ২:৫৮ পি.এম
পেশাগত মর্যাদা রক্ষা ও হয়রানি বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সঞ্জয় মালাকার: মৌলভীবাজারের রাজনগরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, 'দালাল' আখ্যা দেওয়া বন্ধ করা এবং অযৌক্তিক হয়রানি বন্ধের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১১ মে) বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া), রাজনগর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে জানানো হয়, দেশের স্বাস্থ্য খাতে প্রায় সাড়ে চার লক্ষাধিক প্রতিনিধি দিনরাত পরিশ্রম করে আধুনিক চিকিৎসাব্যবস্থায় ওষুধ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দিচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এবং গণমাধ্যমে তাদের ঢালাওভাবে 'দালাল' হিসেবে অভিহিত করা হচ্ছে। বিশেষ করে গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানের সময় অনেক প্রতিনিধিকে অযৌক্তিকভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে বলে তারা দাবি করেন।
ফারিয়া-র ৫ দফা দাবি:
পেশাগত সম্মান রক্ষার্থে সংগঠনটির পক্ষ থেকে ৫টি প্রধান দাবি পেশ করা হয়েছে:
১. ওষুধ প্রতিনিধিদের 'দালাল' বলা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।
২. অযৌক্তিক গ্রেপ্তার, হয়রানি ও অপমানজনক আচরণ বন্ধ করা।
৩. গণমাধ্যমে দায়িত্বশীল সংবাদ প্রচার নিশ্চিত করা।
৪. স্বাস্থ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও শিল্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি যৌথ সভার আয়োজন করা।
৫. ওষুধ প্রতিনিধিদের পেশাগত কার্যক্রমের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ফারিয়া রাজনগর শাখার সভাপতি জহির উদ্দিন। তিনি উল্লেখ করেন, "আমরা কোনোভাবেই দালাল নই, বরং স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ। আমাদের পেশাগত মর্যাদা এভাবে ক্ষুণ্ণ হতে থাকলে দেশজুড়ে কঠোর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব, যার বিরূপ প্রভাব ওষুধ সরবরাহ ব্যবস্থার ওপর পড়তে পারে।"
স্মারকলিপিটির অনুলিপি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), রাজনগর প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত