# প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/
- Published: 2026-11-23T15:41:51+06:00
- Author: Sankar Roy

নিজস্ব প্রতিবেদক:    জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক
ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির(
এনসিপি) প্রতিনিধিদল। আজ সোমবার বেলা ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু
হয়।

এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন-দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, 
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ
সদস্য আকরাম হুসাইন।

এদিন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে কালো রঙের একটি গাড়িতে সচিবালয়ে
আসেন। পরে আসেন আকরাম হুসাইন।

দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘিরে চলমান রাজনৈতিক
পরিস্থিতিতে সরকারপ্রধানের সঙ্গে এ বৈঠক হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা
তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন।

সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। এনসিপিকে
দিয়ে আজকের সংলাপ শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো 
চূড়ান্ত হয়নি।
