
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১:৫৮ পি.এম
প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামের উলিপুরে নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের কর্মনিষ্ঠ ও জনপ্রিয় প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার অবসরজনিত বিদায় নিয়েছেন। ২৯ বছরের উজ্জ্বল শিক্ষকতা জীবনের ইতি টেনে তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শেষ কর্মদিবস সম্পন্ন করেন। বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন আয়োজনের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর সমন্বয়ে দুপুরে অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ফারুকের সভাপতিত্বে এবং কম্পিউটার শিক্ষক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গোলজার হোসেন, জিতেন্দ্র নাথ রায়, এহছানুল করিম প্রিন্স, প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান রাজু, সাজাদুল ইসলাম সাজু, রায়হানুল ইসলাম রনি, শিক্ষার্থী রাদিয়া বশরি, ইশফাত জান্নাত পাখি, লাবিব হাসান, মোহনা আক্তার প্রমুখ। বিদায়ী মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মুক্তাজাহান।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষক আব্দুস ছাত্তারকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আবেগঘন পরিবেশে অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষকের সম্মানে দাঁড়িয়ে করতালি দেন সবাই। অনুষ্ঠান শেষে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে সুসজ্জিত কার গাড়িতে ফুলের মালা পরিয়ে তার বাসভবন পর্যন্ত পৌঁছে দেন—যা ছিল সবার জন্য এক স্মরণীয় মুহূর্ত।
১৯৯৬ সালের ২ জুলাই প্রধান শিক্ষক হিসেবে নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন আব্দুস ছাত্তার। ২৮ নভেম্বর ছিল তাঁর শেষ কর্মদিবস। দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মূর্ত প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয় অর্জন করেছে নানা সাফল্য ও প্রশংসা।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, “স্যার ছিলেন আমাদের অনুপ্রেরণার প্রতীক। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অম্লান হয়ে থাকবে। তাঁর বিদায়ে বিদ্যালয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবে না।”
প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) সৈয়দ আহমেদ ফারুক বলেন, “আব্দুস ছাত্তার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অবসর গ্রহণের অনুভূতি জানিয়ে আব্দুস ছাত্তার বলেন,
“১৯৯৬ সাল থেকে এই বিদ্যালয়ের সঙ্গে পথচলা শুরু। আজ এই অধ্যায়ের সুন্দর সমাপ্তি ঘটল। বিদ্যালয় ও এলাকাবাসী যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষকতা পেশায় সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছি—আজ তার পূর্ণতা পেলাম। আমি দোয়া করি, এ এলাকার সন্তানরা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে ওঠে। অবসর জীবনটিও যেন সুন্দরভাবে কাটাতে পারি—এ কামনা করি।”
স্থানীয় পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উলিপুরে তৈরি করেছে এক অনন্য আবেগঘন পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় আব্দুস ছাত্তারের বিদায় দিনটি হয়ে উঠেছে স্মরণীয় ও ঐতিহাসিক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত