
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:৩০ এ.এম
প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে বেপরোয়া ট্রাকের চাপায় আরোবী আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোবী আক্তার কুঠিরডাঙ্গা এলাকার মো. আমিনুর রহমানের মেয়ে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় আরোবী। পথে সরদারহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১২-৬৮২৯ বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরোবীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীটিকে চাপা দিলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান, আরোবী অত্যন্ত মেধাবী ও স্বপ্নবাজ ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরদারহাট এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া যানবাহন চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত