
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:৩২ পি.এম
ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
![]()
বগুড়ায় ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাঠ সংকটের কারণে শহরের বুজরুগবাড়িয়া মাঠে বিকাল ৩:৩০ টায় এ খেলার আয়োজন করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ ইসতিয়াক ইমন এবং বগুড়া শহর ছাত্রদলের সহ-সভাপতি রাব্বি ইয়াসিন অহনীশ।
খেলা শেষে বক্তব্যে বগুড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ্ ইসতিয়াক ইমন বলেন, গত ১৬ ডিসেম্বর ছাত্রবন্ধু সংঘের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। জেলা স্কুল মাঠে অনুমতি না পাওয়ায় তখন চাষী বাজার মাঠে খেলতে বাধ্য হতে হয়। একইভাবে আজ ফুল ব্যবসায়ীরা মাঠ না পাওয়ায় বুজরুগবাড়িয়া মাঠে খেলার আয়োজন করেছেন।
তিনি আরও বলেন, যদি বগুড়া ৫ নম্বর ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি সুন্দর ও স্থায়ী মাঠের ব্যবস্থা থাকত, তাহলে যুবসমাজ নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারত। পাশাপাশি সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা এবং মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হতো।
বগুড়া ফুল ব্যবসায়ী মালিক সমিতির এই প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জাহিদুল হক মন্টু, সভাপতি স্বপন ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক রানু শেখসহ ফুল মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা।
খেলায় স্বপন একাদশ ৪-০ গোলে সোহেল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।
এ ধরনের আয়োজন নিয়মিত হলে ব্যবসায়ী ও যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত