
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ১২:৩৮ পি.এম
ফেনীতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্মে চাঞ্চল্য, তদন্তের দাবি
মোঃ আরিফুর রহমান, ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকার মোল্লাঘাট বাজারে মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারীর সন্তান জন্মকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর নবজাতকের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয়দের ধারণা, ওই নারী কোনো অমানবিক ঘটনার শিকার হতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ফেনী সদর হাসপাতাল থেকে বিষয়টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বন্ধু মহল ফেনী জেলা”-কে জানানো হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকনউদ্দৌলার অনুরোধে সংগঠনের একটি মানবিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, নবজাতকটি বর্তমানে স্থানীয় এক চটপটি বিক্রেতার বাসায় নিরাপদে রয়েছে এবং শিশুটির শারীরিক অবস্থাও ভালো। বাজার কমিটির সভাপতির সঙ্গে কথা বলে জানা যায়, দাগনভূঞা থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় তদারকি চালাচ্ছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্বেচ্ছাসেবী সংগঠনটি জানায়, আপাতত শিশুটি নিরাপদ পরিবেশে থাকায় তাদের তত্ত্বাবধানে নেওয়ার প্রয়োজন হয়নি। বিষয়টি পুনরায় হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। পাশাপাশি নবজাতকের নিয়মিত খোঁজখবর রাখার কথাও জানিয়েছেন তারা। সংগঠনের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় সহায়তা ও উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক দুলাল তালুকদার বলেন, “মানসিক ভারসাম্যহীন নারী, পথশিশু ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব।”
স্থানীয়দের মতে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত