সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ায় থামছে না রক্তপাত তারাবীর নামাজে গিয়ে প্রাণ গেল কিশোরের
পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ আদায় করতে গিয়ে প্রাণ হারাতে হলো ১৭ বছর বয়সী এক কিশোরকে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. মিলন (১৭) নামে ওই কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের দিলবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে মিলনের ওপর হামলা চালানো হয়। রাতের তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পবিত্র রমজানে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে কিশোরের এমন নির্মম মৃত্যুতে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।