
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:৩০ পি.এম
বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
![]()
মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির বাসিন্দা সন্তোষ বাঁশফোড়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় সেন্ট্রাল মসজিদের সামনে অনিক নামে এক কথিত মাদক কারবারি সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে অনিক তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুনীলের পেটে ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুনীলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় অভিযুক্ত অনিকের নামে মামলা দায়ের করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান জানান, ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত