
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১২:০১ এ.এম
বগুড়ার সোনাতলায় জমিজমা বিরোধে সংঘর্ষ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের পাতিলাকুড়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গত ১৭ এপ্রিল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোছাঃ পারভিন আকতার।
মামলায় অভিযুক্তরা হলেন—
১. মোঃ পলাশ সরকার (৫০), পিতা-মোঃ শুকু সরকার, সাং-গাংনগর, শিবগঞ্জ, বগুড়া।
২. মোঃ হানিফ মিয়া (৩৫), পিতা-মোহাম্মদ নান্নু।
৩. মোছাঃ আকলিমা খাতুন (৪৫), স্বামী-মোঃ পলাশ সরকার।
৪. মোঃ আহসান হাবীব (৩০), পিতা-শাহ আলম সাকিদার।
৫. মোহাম্মদ রিফাত সাকিদার (২০), পিতা-শাহ আলম সাকিদার।
৬. মোছাঃ বিলকিস বেগম (৪৫), স্বামী-মোঃ শাহ আলম সাকিদারসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাতিলাকুড়া গ্রামের শাহ আলম সাকিদার পরিবারের সঙ্গে নান্নু সাকিদার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন শাহ আলম সাকিদার পরিবারের সদস্যরা অপর পক্ষকে না জানিয়ে পূর্ব নির্ধারিত সীমানা খুঁটি সরিয়ে ফেলতে শুরু করেন। এসময় নান্নু সাকিদার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে শাহ আলম সাকিদার পরিবারের সদস্যরা দাবি করেন, পূর্বে জমি নিয়ে যারা সালিশ করেছিলেন, তাদের একজন বিপ্লব নামের ব্যক্তির সঙ্গে কথা বলেই খুঁটি তোলা হয়েছে। তবে বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে এমন বক্তব্য অস্বীকার করে বলেন, “সীমানা নির্ধারণী খুঁটি তোলা অন্যায় হয়েছে। আমি কাউকে এমন কোনো অনুমতি দেইনি।”
এলাকার একাধিক বাসিন্দা জানান, একই জমি নিয়ে প্রায় ১৫ বার সালিশ বৈঠক হয়েছে এবং প্রায় ৩০ জন আমিন(সার্ভেয়ার) জায়গাটি পরিমাপ করেছেন। প্রতিবার একই স্থানে খুঁটি স্থাপন করা হলেও পরে আবার নতুন করে বিরোধ সৃষ্টি হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
সোনাতলা থানা পুলিশ জানায়, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত