মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়া, ৭ মে ২০২৫: দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক কার্যক্রম ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে বগুড়া এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
বুধবার বগুড়া এয়ারপোর্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রবিউল ইসলাম মিয়া এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
পরিদর্শন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল কৃষি, শিল্প এবং পর্যটনের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো নির্মাণ এবং আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ জরুরি। তিনি জানান, রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের আকাশপথের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে বগুড়া এয়ারপোর্ট উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আকাশসীমার নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী হবে। তিনি জানান, পর্যায়ক্রমে বগুড়া এয়ারপোর্টকে সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানান এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
