
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১২:১৭ পি.এম
বঙ্গোপসাগরে ট্রলারে হামলা, ডাকাতি: ২-জেলে নিখোঁজ, আহত-৫

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিখোঁজ এবং পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মাঝি মনির আকনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে এ হামলার ঘটনা ঘটে।
মাঝি মনির আকন জানান, তারা গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ করে এফবি মুন্না নামের একটি মডিফাই ট্রলিং তাদের পাতা জালের ওপর উঠে যায়। এতে বাধা দিলে ওই ট্রলিং থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করা হয়। পরিস্থিতি বুঝে তারা ট্রলার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই আরও তিনটি ট্রলিং এসে তাদের ট্রলারটি ঘিরে ফেলে।
এরপর হামলাকারীরা ট্রলারে উঠে দেশীয় অস্ত্র নিয়ে জেলেদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলার একপর্যায়ে ট্রলারে থাকা জেলে জসিম ও হিরু প্রাণভয়ে সাগরে ঝাঁপ দেন। এ সময় মাঝি মনির আকনও পানিতে পড়ে যান।
হামলাকারীরা চলে যাওয়ার পর তিনি ট্রলারে উঠে দেখেন পাঁচজন জেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং দুইজন জেলে নিখোঁজ রয়েছেন।
মাঝি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ট্রলার থেকে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, তারা ট্রলারের জালও কেটে নিয়ে যায়। ওই সময় ট্রলারে মোট ১৪ জন জেলের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও নিখোঁজ দুই জেলের সন্ধান না পেয়ে আহতদের নিয়ে ট্রলারটি উপকূলে ফিরে আসে। পরে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিখোঁজ জেলে জসিম দক্ষিণ চরদুয়ানী এলাকার বেলায়েত গাজীর ছেলে। অপর নিখোঁজ জেলে হিরু একই উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় জেলেদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।
এ বিষয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এক সময় যারা আত্মসমর্পণ করে ডাকাতি ছেড়ে দিয়েছিল, তারাই আবার গভীর সাগরে ডাকাতি শুরু করেছে। ইতোমধ্যে প্রায় দুই থেকে আড়াইশো জেলের ওপর হামলা ও মুক্তিপণ আদায়ের খবর পাওয়া গেছে। দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নিলে জেলেরা মাছ ধরা বন্ধ করে দিতে বাধ্য হবে বলেও তিনি জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত