চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবিকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে। চাটখিলে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও অর্থের বিনিময়ে নামজারিসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগকে কেন্দ্র করে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছিল। ৩৮তম বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া নিশাত ফারাবি ২০২৫ সালের মে মাসে চাটখিল উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। বিশেষ করে নামজারি কার্যক্রমে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এসব অভিযোগের প্রতিবাদে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এদিকে, নিশাত ফারাবির বিরুদ্ধে এর আগেও অভিযোগ ওঠার তথ্য রয়েছে। ২০২১ সালে করোনাকালে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণসহায়তা বিতরণের কথা বলে সহকর্মী ও পরিচিতজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশিক্ষণরত ছিলেন। এ ঘটনায় ২০২১ সালের ১৯ ডিসেম্বর নিশাত ফারাবির ব্যাচের এক কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি দেন বলে জানা যায়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA