
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১:৪৬ পি.এম
বিএনপির আয়োজনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জনসভা অনুষ্ঠিত

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জনসভায় জনতার ঢল নেমেছিল গোয়ালন্দ মোড়ের টেক্সটাইল মিল মাঠে।
শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খৈয়ম বলেন, দেশকে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সংস্কার করতে হবে। তিনি বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর এখন সময় এসেছে পরিবর্তনের। শেখ হাসিনার শাসনে বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা হারিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিতসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা। সভায় সভাপতিত্ব করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মণ্ডল। জনসভাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে টেক্সটাইল মিল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত