নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. জালাল উদ্দিন নামের এক কৃষকের গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু, আর স্থানীয়দের সাহসিকতায় আংশিক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে অপর দুটিকে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড পশ্চিম ভিটিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পার্শ্ববর্তী গোয়ালঘরে ছড়িয়ে পড়ে উগ্র রূপ ধারণ করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ও এলাকার তরুণরা দ্রুত ঘটনাস্থলে এসে একযোগে আগুন নেভানোর কাজে নামেন। তাদের সাহসী ভূমিকায় আগুন বসতঘরে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি পুড়ে মারা যায় এবং দুটি গুরুতর দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি। সময়মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ করা গেলে হয়তো গরু দুটি রক্ষা পেত। সম্বল হারিয়ে কৃষক জালালউদ্দিন এখন নিঃস্ব।
বিদ্যুৎ অফিসের এই অবহেলার বিষয়ে বক্তব্য জানতে কটিয়াদী জোনাল অফিস কর্মকর্তা আবু সাঈদকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, "সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।"
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA