
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:৩২ পি.এম
বিলুপ্তপ্রায় বাংলার ঐতিহ্যবাহী ঘর — কাচারিঘর

একসময় গ্রামীণ জনপদের অবস্থাসম্পন্ন প্রায় প্রতিটি গৃহস্থের বাড়িতেই ছিল ‘কাচারিঘর’। এটি ছিল গ্রামবাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের বিবর্তনে আজ সেই কাচারিঘর বাঙালির সংস্কৃতি থেকে প্রায় হারিয়ে গেছে। গেস্টরুম কিংবা ড্রয়িং রুমের আদি রূপ হিসেবে পরিচিত এই কাচারিঘর এখন আর গ্রামীণ জনপদে চোখে পড়ে না।
কাচারিঘর সাধারণত মূল বাড়ি থেকে কিছুটা দূরে আলাদা, খোলামেলা জায়গায় তৈরি হতো। অতিথি, পথচারী কিংবা সাক্ষাৎপ্রার্থীরা এখানে এসে বসতেন। প্রয়োজনে কেউ দু-একদিন রাত্রিযাপনও করতে পারতেন। এটি ছিল গ্রামীণ সমাজে গৃহস্থের আভিজাত্যের প্রতীক। কাঠের কারুকাজ করা টিনের বা ছনের ছাউনি দেওয়া ছাদ কাচারিঘরকে দিত অনন্য রূপ।
এখানে বসত শালিস বৈঠক, আড্ডা ও গল্পগুজব। বর্ষাকালে জমতো পুঁথিপাঠ, আর পথচারীরা নিতেন ক্ষণিকের বিশ্রাম। বিপদে পড়লে ভ্রমণকারীরা রাত কাটাতেন এখানেই। অতিথির জন্য গৃহস্থের ভেতর থেকে খাবার পাঠানো হতো নিয়মিত।
কাচারিঘর শুধু একটি ঘর নয়, ছিল গ্রামীণ জীবনের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রতীক—যা আজ বিলুপ্তপ্রায় হয়ে গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত