
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:৫৯ এ.এম
ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার: মুফতি রশীদ আহমদ

জেমস আব্দুর রহিম রানা, যশোর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমদের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হয়ে উঠছে। জনসম্পৃক্ততা, মাঠপর্যায়ে সরব উপস্থিতি ও আবেগঘন বক্তব্যের মাধ্যমে তিনি ইতোমধ্যেই ভোটের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে স্থান করে নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় বিশাল প্রচার মিছিল ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল থেকে রাত পর্যন্ত মনোহরপুর বাজার, কপালিয়া, কুমারঘাটা, ভবানীপুর ও দাশের হাট বাজারসহ আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলগুলোতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফুর, মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মুজিবর রহমান, মনোহরপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা গাজী, ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন, ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মোঃ আল মামুন, ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম নাইমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমদ বলেন, ভবদহ পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আমি খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা ও চেষ্টা দিয়ে কাজ করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে কোন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সুযোগ থাকবে না। জনগণের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
এছাড়াও যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফুর, থানা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মুজিবর রহমান, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ পৃথক বক্তব্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।
সমগ্র ইউনিয়নজুড়ে দিনভর এই গণসংযোগ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মনিরামপুরের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত