
পিরোজপুর অফিস:: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম উজ্জল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও নানা অপকর্মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উজ্জল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব ও রতনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের উত্যক্ত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হয়রানির সঙ্গে জড়িত। তাদের প্রভাবের কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন বলেও দাবি করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদার চাপ ও দোকান দখলের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারী রাস্তাঘাটে উত্যক্তের শিকার হওয়ার অভিযোগ তোলেন। অভিযোগ অস্বীকার করে মাহফুজুল ইসলাম উজ্জল বলেন, প্রতিবেশী আব্দুল হাই মৃধার সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। গত শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় তিনি, তাঁর মা ও ভাই চঞ্চল আহত হয়েছেন বলে দাবি করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, উজ্জলকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত