
পিরোজপুর অফিস ও ভান্ডারিয়া প্রতিনিধি:: “দেশীয় জাতে, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জিয়া ময়দানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুদেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান। মেলা চলবে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দেশীয় জাতের গবাদিপশু, পোলট্রি, হাঁস-মুরগি, ভেটেরিনারি সেবা, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হবে। এ বছর মেলায় ৩০ টি স্টল অংশগ্রহণ করে এবং প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে এমন প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, খামারিদের জন্য বিশেষ পরামর্শ বুথে রোগ প্রতিরোধ, পুষ্টি ব্যবস্থাপনা, উন্নত জাত পরিচর্যা ও বাণিজ্যিক খামার পরিচালনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। প্রদর্শনীকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত