
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ১১:১১ এ.এম
ভুট্টাক্ষেতে মিলল বস্তাবন্দি অটোচালকের লাশ
![]()
সৈয়দ মুনিরুল হক নোবেল: ভুট্টাক্ষেতে বস্তাবন্দি অবস্থায় পড়েছিল জুয়েল শেখ (৩০) নামে এক অটোচালকের লাশ। হাত-পা ছিল রশি দিয়ে বাঁধা। মুখে লাগানো ছিল স্কচটেপ। ধারণা করা হচ্ছে— অটোচালককে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায় নি।
৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি ওই অটোচালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত অটোচালক পাশ্ববর্তী মেলান্দহ থানার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। একটি প্লাস্টিকের বস্তায় তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।
স্থানীয়রা জানায়, সকালে ভুট্টাক্ষেতের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মতো কিছু পড়ে থাকতে দেখে পথচারীরা। কাছে গিয়ে দেখা যায়, বস্তায় ভরা একজন ব্যক্তির মরদেহ। তখনই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে অটো নিয়ে বের হন জুয়েল। রাতে তিনি আর বাড়ি ফেরেন নি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি কোথাও। অবশেষে থানায় পাওয়া গেল তার লাশ। কোনো এক সময় তাকে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্ত করেছি। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায় নি এখনও। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত