
ইসলামপুর প্রতিনিধি, (জামালপুর): জামালপুর জেলা ইসলামপুর উপজেলা আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জামালপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব নাজমুল হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ইসলামপুর।
সভায় জনাব মোঃ আনোয়ারুল হক, জেলা নির্বাচন অফিসার, জামালপুর ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা—বিশেষ করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যালটে সিল ও স্বাক্ষর প্রদান, স্বচ্ছ ও নির্ভুলভাবে ভোট গণনা, অংকে ও কথায় ফলাফল লিখে প্রতিটি কপি সতর্কতার সাথে রিভিশন, কেন্দ্রেই ফলাফল সম্পন্ন করে ঘোষণা ও টানিয়ে দেওয়া এবং পরবর্তীতে প্রিজাইডিং অফিসার কর্তৃক উপজেলা কন্ট্রোল রুমে ফলাফল জমা দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ৫ই আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অন্যতম কারণ সুষ্ঠু নির্বাচন না হওয়া। আমরা উপরওয়ালার কাছে দায়বদ্ধ এবং আমাদের নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের নির্বাচনে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় থাকবে এবং কেউ যেন কোনোভাবেই দলীয় আনুগত্যের পরিচয় না দেয়। পবিত্র দায়িত্ব ঈমানদারির সাথে পালন করে দেশকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জনগণের মধ্যে ভোট ও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ কমিটমেন্ট নিয়ে কাজ করবে। তিনি আরও জানান, প্রার্থীরা আচরণবিধি সম্পর্কে সচেতন রয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন, এবার সবার একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের অংশীদার হওয়া সম্ভব হবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ইসলামপুর এবং জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেলও বক্তব্য রাখেন।
সভা শেষে জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং গণভোট সম্পর্কে প্রয়োজনীয় ধারণা প্রদান করেন। একই সঙ্গে সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে পুলিশ সুপার মহোদয় ইসলামপুর থানার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে বলেন, পেশাগত আচরণ ও বডি ল্যাংগুয়েজ ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র বহন ও প্রদর্শনের ক্ষেত্রেও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পরিচ্ছন্ন পোশাক, শৃঙ্খলা ও দায়িত্ববোধই একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয়। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না এবং প্রত্যেককে শতভাগ দায়িত্ব পালন করতে হবে। ডিপার্টমেন্টের মান-সম্মান রক্ষা করা সবার দায়িত্ব এবং সামনে নির্বাচন কষ্টসাধ্য হলেও আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সফল করা সম্ভব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত