
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১১:৪৩ এ.এম
ভোটের মাঠে শাপলা কলির পক্ষে গণমিছিল

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ড. আতিক মুজাহিদের নেতৃত্বে ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা। শাপলা কলি মার্কার পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও শাপলা কলি মার্কার নানা স্লোগানে মুখরিত মিছিলটি ফুলবাড়ী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় কাছারি মাঠে এসে শেষ হলে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং ২৬ কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে শাপলা কলি মার্কার বিজয় অপরিহার্য। জনগণের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই ১০ দলীয় জোট মাঠে নেমেছে।
পথসভায় ড. আতিক মুজাহিদ বলেন,
“জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চাই। ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জনগণ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকবে।”
সভা শেষে নেতাকর্মীরা শাপলা কলি মার্কার পক্ষে স্লোগান ও গণসংযোগ চালিয়ে নির্বাচনী মাঠে আরও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত