
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:৫৭ পি.এম
মঠবাড়িয়ায় পৌর ছাত্রদল আহ্বায়কের নেতৃত্বে বিএনপি অফিসে হামলা, আহত দুই

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত দুই হত্যা মামলার অন্যতম আসামি ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রুবেলের নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুবেল ওরফে ‘ব্ল্যাক রুবেল’ প্রায় ৩০ জন সশস্ত্র সহযোগী নিয়ে পৌরসভা ছাত্রদল নেতা আহমেদ সজীবের ওপর উপজেলা বিএনপি অফিসের সামনে অর্তকিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে সজীব গুরুতর আহত হন। এ সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদীও মাথায় আঘাত পেয়ে আহত হন।
হামলার পর রুবেল ও তার সহযোগীরা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
উল্লেখ্য, রুবেল মঠবাড়িয়ার আলোচিত ক্লিনটন ও শাহীন হত্যা মামলার অন্যতম আসামি। সম্প্রতি ৫ আগস্টের পর থেকে তিনি চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তোলেন এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত