
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৩:২৪ পি.এম
সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক-2

সোহাগ ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। গভীর রাতে পরিচালিত এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অদ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আলম (৪৮), পিতা—মৃত শাহজাহান এবং সুফিয়া (৩২), পিতা—রাম বাবুকে আটক করা হয়। আটককৃত উভয়ের বাড়ি সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে, মঠবাড়িয়া থানাধীন, পিরোজপুর জেলায়।
অভিযান চলাকালে আটককৃতদের বসতঘর ও হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম গাঁজা, ২টি কুড়াল, ১টি হাতুড়ি, ১টি কাঁচি ও ১টি চাকু। এছাড়া ৬টি গ্যাস লাইট, ফুয়েল পেপার, ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, গাঁজা সেবনের কল্কি, গাঁজা মাপার পাল্লা ও পাথর, ২টি সিম কার্ড, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং ৪টি ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এলাকাবাসী মাদকবিরোধী এই যৌথ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত