প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৮:৩১ পি.এম
মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড

মো. জাহিদ হাসান, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসায় মধ্যরাতে নামজারির ফাইল নিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাত প্রায় ১১টার দিকে ভূমি অফিসের নাইটগার্ড রমজানকে ফাইল নিয়ে এসিল্যান্ডের বাসায় যেতে দেখা যায়।
বাসা থেকে বের হওয়ার পর রমজান জানান, তিনি নামজারির ফাইল আনতে গিয়েছিলেন। তবে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস প্রথমে দাবি করেন, রমজান তাঁর বাসায় বাজার পৌঁছে দিতে গিয়েছিলেন।
পরে ফাইল নেওয়ার বিষয়টি জানানো হলে সালাউদ্দিন বিশ্বাস বলেন, ক্যানসারে আক্রান্ত এক রোগীর ফাইল তিনি রমজানের কাছে দিয়েছেন। বদলি হয়ে যাওয়ার পর নতুন এসিল্যান্ডকে বিষয়টি বুঝিয়ে দিতে সময় লাগবে—এ বিবেচনায় মানবিক কারণে ফাইলটি দিয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে নাইটগার্ড রমজান বলেন, ‘আমাকে এসিল্যান্ড ফোন দিয়ে বলেছে ফাইল নিয়ে যেতে। আমরা ছোট চাকরি করি, আমাদের কিছু বললে সেটা শুনতেই হয়।’
নামজারির ফাইল আনা-নেওয়ার কাজে নিরাপত্তার দায়িত্বে থাকা নাইটগার্ডকে ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠেছে। অফিসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মচারীকে রাতে ফাইল নিয়ে বাসায় পাঠানো হলে অফিসের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। নামজারির কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকতে নাইটগার্ডকে দিয়ে ফাইল আনা-নেওয়ার প্রয়োজন কেন হলো, তা জানতে চেয়েছেন কয়েকজন সেবাগ্রহীতা। তাঁদের কেউ কেউ এ ঘটনায় অনিয়মের আশঙ্কাও করছেন।
রাতে অফিস ফাঁকা রেখে নাইটগার্ডের নামজারির ফাইল নিয়ে বাসায় যাওয়ার বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘আমাদের তো বাসা আর অফিস আলাদা না। আমরা দিন-রাত কাজ করি। আমার বাংলো থাকলে বাংলোতে বসে কাজ করতাম না?’
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA