
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৭:৫৬ পি.এম
মনিরামপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী উত্তাপ, দাসের হাটে বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ

জেমস আব্দুর রহিম রানা, যশোর :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় মনোহরপুর ইউনিয়নের দাসের হাট এলাকায় এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে আয়োজিত এ প্রচার মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি দাসের হাট বাজার এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে ব্যাপক গণসংযোগ করেন।প্রচার মিছিলে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা গাজী, ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে মিছিলে অংশ নেন।মিছিলটি শেষে ১ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা দাবি করেন, মুফতি রশীদ আহমেদ একজন পরিচ্ছন্ন, জনবান্ধব ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।বক্তারা আরও বলেন, মনিরামপুর উপজেলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। এজন্য আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।স্থানীয় বিএনপি নেতারা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে মনিরামপুরের বিভিন্ন ইউনিয়নে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে বাড়ি-বাড়ি গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিলের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও তারা জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত