
সারাদেশে ঘটতে থাকা চলমান নারী ও শিশু ধর্ষণ এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে গণমূখী সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। আজ ১৬ মার্চ ২০২৫ বিকাল ০৪ ঘটিকায় ময়মনসিংহ শহরস্থ শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাজ আজ বিকৃত মানসিকতা সয়লাভ। অহরহ ঘটছে ধর্ষণের ঘটনা। যেন হিংস্র নেকড়ে ছেয়ে গেছে পুরো দেশ, সমাজ। মানুষরূপী এসব হিংস্র নেকড়েদেরকে কঠোর হস্তে দমন করা অজ জরুরী হয়ে পড়েছে সুস্থ সমাজের স্বার্থে। যে সমাজে রাষ্ট্র নারী, শিশু নিরাপদ নয় সে সমাজ রাষ্ট্র সভ্য নয। চলমান রোজার মাসেও প্রতিদিন ঘটছে ধর্ষণ বিশেষ করে শিশু ধর্ষণ। দিনদিন সমাজ, রাষ্ট্র অসভ্যতার দিকে ধাবিত হচ্ছে। এদেশ ধর্ষণের উপত্যকা হয়ে যাবে, এমন তো কাম্য নয়। বক্তারা বলেন, দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। ফলে , বিচারহীনতার কারণে অপরাধ বেড়েই চলছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ধারা ৯'তে স্পষ্ট করে বলা আছে, 'যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডনীয় হইবেন।'এই স্পষ্ট আইন থাকার সত্ত্বেও কেন ধর্ষকদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করা হচ্ছে না? সে প্রশ্ন আজ জাতির সামনে। ধর্ষণের বিচার কার্যক্রম জটিল না করে সহজকরণ ও দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ধর্ষণজনিত অপরাধ অনেকটা কমে আসবে। এছাড়া সরকারের পাশাপাশি ধর্ষণের ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতন মানুষদেরকে সমাজে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির করতে হবে। এ ব্যাপারে সকল বিবেক সম্পন্ন মানুষদেরকে এগিয়ে আসতে হবে। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা ডা: এম এ জব্বারের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী ফেরদৌসী আরা মাহমুদা হেলেন, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান, সহ-সভাপতি আব্দুল হান্নান আল আজাদ, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান (রাজু খান), উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদ এর সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জান সোহেল, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক নূর আলী চিশতী, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ এর অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবুবকর রুমেল, বাংলাদেশ যুব ইউনিয়ন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জহিরুল আমিন রুবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হাসান মুণিম, বিপ়বী ছাত্র-যুব আন্দোলন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সজিব আকন্দ প্রমূখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত