
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:৫৯ পি.এম
মাদারীপুরে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে মোঃ জামাল মুন্সি (৫০) নামে এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামাল একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করেন জামাল। পরে কালীবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হরিদাসদীর উদ্দেশ্যে রওনা করেন । কিন্তু রাতে আর বাড়ি ফিরে যাননি। মঙ্গলবার কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় রাজৈর থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসার জন্য সরকারি অনুদানের টাকাও পেয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত